
(১ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫১ অপরাহ্ন
খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন মানিক (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাগমারা জয়পুর এলাকার মাস্টারবাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে।
রূপসা থানার ডিউটি অফিসার জনি আহমেদ জানান, রাতে মানিক ভ্যানযোগে ইলাপুরের দিকে যাচ্ছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে পরপর দুটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি মাথায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি খালি গুলির খোসা উদ্ধার করে। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত মানিক রূপসার বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।