banglahour

ইলিশ আহরণ কমেছে ৪৮ শতাংশ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

সারাদেশ | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৩:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫১ অপরাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনদিনব্যাপী আন্তর্জাতিক মৎস্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সিলেট প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের মৌসুমে ইলিশ আহরণ ৩৮ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত কমেছে। নদীর নাব্যতা কমে যাওয়া, আবহাওয়ার পরিবর্তন এবং মেঘনা দূষণের কারণে নদীতে ইলিশের প্রাপ্যতা হ্রাস পেয়েছে। তিনি বলেন, “ইলিশ আমাদের পরিচয়, ইলিশকে প্রাধান্য দিতে হবে। সাধারণ মানুষের পাতে যেন ইলিশ পৌঁছায়, সে ব্যবস্থা করতে হবে।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে তিনদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল ফিসারিজ-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ একে অপরের সাথে সম্পৃক্ত। কৃষি ও প্রাণিসম্পদের পাশাপাশি মৎস্যসম্পদের উন্নয়নে একযোগে কাজ করতে হবে। প্রকৃত মৎস্যজীবীরা কখনো ক্ষতিকারক জাল ব্যবহার করেন না, কিন্তু অমৎস্যজীবীরা তাৎক্ষণিক লাভের আশায় ক্ষতিকর জাল ব্যবহার করেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অনুষদের ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে কনফারেন্সে চীফ পেট্রন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

অতিথিরা বলেন, মৎস্য সম্পদের উন্নয়নে গবেষণার বিকল্প নেই। কনফারেন্সে কী-নোট স্পিকার ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিন ফিসারিজ অ্যান্ড এগ্রিকালচার বিভাগের প্রফেসর ড. মো. আবদুল ওয়াহাব।

বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিজি অনুরাধা ভদ্র এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

কনফারেন্সে দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষক, গবেষক ও মৎস্য বিজ্ঞানী অংশগ্রহণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল