banglahour

সুন্দরবনে ডাকাতসহ আটক ৬; অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার

অপরাধ | মনিরুল ইসলাম দুলু, বাগেরহাট প্রতিনিধি।

(১ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৭ অপরাহ্ন

অভিযান শেষে জব্দকৃত আলামত সাজিয়ে রাখা হয়েছে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর চার সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এছাড়া পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও দেশীয় অস্ত্র ও গাঁজাসহ কিশোর গ্যাংয়ের আরেক সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের বিসিজিএস স্বাধীন বাংলা-এর নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড সদস্যরা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খালে অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয় চারজনকে। এসময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ৪ রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো—

  1. মো. বিল্লাল হোসেন (২৫)
  2. মো. রবিউল শেখ (৩২)
  3. মো. জিন্নাত হাওলাদার (৩৫)
  4. মো. কালাম গাজী (২৪)

তাদের বাড়ি খুলনা ও বাগেরহাটে। দীর্ঘদিন ধরে তারা ছোট সুমন বাহিনীর হয়ে ডাকাতি ও অস্ত্র-রসদ সরবরাহের সঙ্গে জড়িত ছিল।

অন্যদিকে শনিবার রাত ২টার দিকে কোস্ট গার্ড সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা, নগদ ১৭ হাজার ৫৮০ টাকা ও এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

এছাড়া শনিবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথবাহিনী খুলনার লবণচরা স্লুইসগেট এলাকায় অভিযান চালায়। এসময় ৪টি দেশীয় অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজা (মূল্য প্রায় ৬ হাজার ৪ শত টাকা)সহ এক কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।

লেফটেন্যান্ট খালেদ সাইফুল্লাহ বলেন, “দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবনকে দস্যু ও মাদকমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল