
(৮ মাস আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ২:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, “আমরা আওয়ামী লীগ চাই না, চাই জয় বাংলা। আমরা শেখ হাসিনাকে চাই না, চাই বঙ্গবন্ধু আর বাংলাদেশ।” বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশে বিশ্বাস রেখে যারা রাজনীতি করবেন, তিনি তাদের সঙ্গেই থাকার ঘোষণা দেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযোদ্ধাকে গালি দেওয়া মানে বঙ্গবন্ধুকে গালি দেওয়া। আওয়ামী লীগ যা-ই বলুক, জিয়াউর রহমান ছিলেন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। তার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। তিনি বলেন, “জিয়াউর রহমান আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা। আমি যদি কালুরঘাট বেতারে বক্তৃতা করতাম, তাতেও আমি তার সমান হতাম না।”
তিনি আরও বলেন, যুদ্ধের সময় মানুষের ভরসা ছিল মিলিটারিদের বক্তব্য। তাদের কথায় মানুষ পেত উৎসাহ ও সাহস। সেই কারণেই জিয়াউর রহমান ছিলেন একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা।
বঙ্গবীর আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তারেক রহমানের কোনো কথাই তার ভালো লাগত না। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর তারেক রহমানের কথাগুলো এখন তার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর খান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহমান, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, উপজেলা সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, যুগ্ম সম্পাদক আশিক জাহাঙ্গীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।