
(১ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩৫ অপরাহ্ন
ভৈরব প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেসার্স নাগিব এন্টারপ্রাইজের মালিক তানভীর আহমেদ নাগিব।
ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা, চাঁদাবাজি ও অবৈধ অভিযান পরিচালনার অভিযোগে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভৈরবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ভৈরব প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মেসার্স নাগিব এন্টারপ্রাইজ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির মালিক তানভীর আহমেদ নাগিব। তিনি অভিযোগ করে বলেন, চলতি বছরের ১৪ মে কিশোরগঞ্জ জেলা প্রশাসন বৈধভাবে ১৬ কোটি ৯৪ লাখ টাকায় ভৈরব উপজেলার আগানগর ও সাদেকপুর ইউনিয়নের মেঘনা নদীর বালু মহাল মেসার্স নাগিব এন্টারপ্রাইজকে ইজারা দেয়। নির্ধারিত সীমানা বুঝিয়ে দেওয়ার পর নিয়ম মেনে হাইড্রোগ্রাফিক জরিপের মাধ্যমে বালু উত্তোলন কার্যক্রম চালানো হচ্ছে এবং নির্ধারিত রাজস্বও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
কিন্তু আশুগঞ্জের ইউএনও রাফে মোহাম্মদ ছড়া প্রতিদিন এক লাখ টাকা করে চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় ভৈরব সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইজারাদারের চারটি ড্রেজার ও পাঁচটি বাল্কহেড জব্দ করেন। একই সঙ্গে দুই শ্রমিককে এক বছরের কারাদণ্ড দেন এবং তাদের ওপর নির্যাতন চালিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়। এসময় শ্রমিকদের কাছ থেকে দুই দিনের জমা এবং ড্রেজারের টাকা বাবদ প্রায় ১২ লাখ টাকা নিয়ে নেওয়া হয়।
তানভীর আহমেদ নাগিব অভিযোগ করেন, অভিযানের সময় তার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে জোরপূর্বক ওই অর্থ ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া সাতজন ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা দায়ের এবং দুইজন শ্রমিককে অন্যায়ভাবে সাজা প্রদান করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ী হানিফ মাহমুদ ও আরিফুল হক সুজনসহ স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা।