
(৮ মাস আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩১ অপরাহ্ন
পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে শনিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড় জেলা কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, “রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেওয়া। অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশে এটি বাস্তবায়ন হবে না।”
সারজিস আরও বলেন, “যারা ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ড ও শাপলার নিরীহ আলেমদের হত্যা করেছে এবং ২৪ জুলাই ছাত্র-জনতাকে হত্যা করেছে, তারা কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাস্তাতো ভাই। এক চোর দেশ ছেড়ে পালিয়েছে, আর তার আশ্রয় এখন তাদের ব্যানারে দেওয়া হচ্ছে। চুরি-বাটপারি ছাড়া আওয়ামী লীগের কেউ নেতা হতে পারেনি। তাদের সব কার্যক্রম বন্ধ করতে হবে, তেমনি জাতীয় পার্টিরও।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলতে চাই, ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ মানুষের আস্থার সংকট তৈরি করছে। খুনিদের বিচারের মঞ্চে আনা সরকারের দায়িত্ব।”
সারজিস আলম পঞ্চগড়ে ছাত্রদলের কর্মকাণ্ড নিয়েও সতর্ক করেছেন, “ছাত্রদল স্কুলগুলো কমিটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের চেষ্টা করছে। শিক্ষার্থীদের রাজনীতির মধ্যে টেনে মাদকের ব্যবসা ও চাঁদাবাজিতে প্রবৃত্ত করছে।”
সভায় শ্রমিকদের সামনে অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, পঞ্চগড় জেলা কুলি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী এবং পঞ্চগড় জেলার এনসিপির নেতাকর্মীরা।