banglahour

কর–অনিয়মের দায়ে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনারের পদত্যাগ

প্রবাস | প্রতিনিধি, যুক্তরাজ্য।

(৭ মাস আগে) ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ১:৩৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকারের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার পদত্যাগ করেছেন। স্থানীয় সময় শুক্রবার তিনি কর–সংক্রান্ত অনিয়মের দায় স্বীকার করে পদ ছাড়েন।

অ্যাঞ্জেলা উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্বেও ছিলেন। অভিযোগ ছিল, ইংল্যান্ডের হোভ এলাকায় দ্বিতীয় বাড়ি কেনার সময় তিনি প্রায় ৪০ হাজার পাউন্ডের স্ট্যাম্প ডিউটি (কর) পরিশোধ এড়িয়ে যান। প্রধানমন্ত্রীর নৈতিক মানদণ্ড বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের তদন্তে অনিয়ম ধরা পড়ার পর তিনি পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে অ্যাঞ্জেলা লিখেছেন, ‘বিশেষজ্ঞ কর পরামর্শ না নেওয়াটা আমার বড় ভুল ছিল। এর দায় আমি নিচ্ছি।’

প্রধানমন্ত্রী স্টারমার তাঁর পদত্যাগে দুঃখ প্রকাশ করে রেইনারের অবদানকে ‘অমূল্য’ বলে উল্লেখ করেন। তবে বিরোধী কনজারভেটিভ পার্টি ও রিফর্ম ইউকে বলেছে, একের পর এক মন্ত্রীর পদত্যাগ লেবার সরকারের ‘নৈতিক দুর্বলতা ও প্রশাসনিক অস্থিরতার প্রমাণ’।

একের পর এক পদত্যাগ

২০২৪ সালের জুলাইয়ে কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে লেবার সরকারের মন্ত্রিসভায় টানা পদত্যাগ চলছে।

  • ২০২৪ সালের ২৮ নভেম্বর পরিবহনমন্ত্রী লুইস হেই অনৈতিক আচরণের দায়ে পদত্যাগ করেন।
  • ২০২৫ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক অর্থ মন্ত্রণালয়ের ‘সিটি মিনিস্টার’র পদ ছাড়েন।
  • ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গোয়েইন অশোভন ও বর্ণবাদী মন্তব্যের কারণে বরখাস্ত হন।
  • ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী এ্যানেলিস ডডস নীতিগত মতবিরোধে পদত্যাগ করেন।
  • ২২ মে জ্বালানি নিরাপত্তা মন্ত্রী ফিলিপ হান্ট স্বাস্থ্যগত কারণে দায়িত্ব ছাড়েন।
  • ২ জুন নাভেন্দু মিশরা প্রতিবন্ধী ভাতা কাটার বিরোধিতা করে পদত্যাগ করেন।
  • ৬ জুন জ্বালানি নিরাপত্তা ও নেট জিরো মন্ত্রী স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন।
  • ৭ আগস্ট বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী বাড়ির ভাড়া নিয়ে সমালোচনার মুখে পদ ছাড়েন।
  • এছাড়া ট্রেজারি হুইপ ভিকি ফক্সক্রফট (১৯ জুন) এবং লর্ডস প্রতিনিধি ক্লদ মোরাস (২২ জুলাই)ও সরে দাঁড়ান।

স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন

টানা ১৪ মাসে ৯ মন্ত্রীর বিদায়ের ঘটনায় লেবার সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা বলছে, এত অল্প সময়ে এত পদত্যাগ জনগণের আস্থা নষ্ট করছে। তবে সরকার দাবি করছে, “দায়িত্বশীলতার খাতিরেই মন্ত্রীরা পদত্যাগ করেছেন। এতে গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হচ্ছে।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল