
(১ বছর আগে) ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৩:০০ অপরাহ্ন
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক এবং স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সদস্যরা
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “গাছ লাগান, প্রাণ বাঁচান”—এই স্লোগানে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ ও সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক চারা রোপণ করা হয়।
জানা যায়, বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়, ২ নং বেতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৬ নং রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়। এতে এলাকার তরুণ সমাজ, শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।
স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের কার্যকরী সদস্য সাজিন হিমেল বলেন, “আমরা শুধু গাছ লাগাচ্ছি না, ভবিষ্যতের জন্য অক্সিজেনের ভাণ্ডার তৈরি করছি। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গাছ লাগানো এবং তার যত্ন নেওয়া প্রতিটি মানুষের দায়িত্ব।”
বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বিন মোর্শিদ বলেন, “বৃক্ষরোপণ কার্যক্রম মৌসুমি উদ্যোগ নয়; প্রতিবছর নিয়মিতভাবে এটি অব্যাহত রাখা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে ধারাবাহিক প্রচারণা চালানো হবে, যাতে প্রতিটি পরিবার অন্তত একটি করে গাছ রোপণ ও লালন–পালন করে।”
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক এবং স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।