banglahour

রাতের আধারে কৃষি জমির মাটি কেটে বিক্রি

সারাদেশ | আতিফ রাসেল, প্রতিনিধি, টাঙ্গাইল।

(১ বছর আগে) ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৩:২০ অপরাহ্ন

রাতের আধারে বেকু দিয়ে ফসলি জমির উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছে।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলীয়পাড়া গ্রামে রাতের আধারে কৃষি জমির উর্বর মাটি কেটে অবৈধভাবে বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। এতে আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে মারাত্মক জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিচ্ছে। এ নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ উঠেছে।

গত ১৮ আগস্ট উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মৃত দেনায়েত আলীর ছেলে ছানোয়ার হোসেন তপু, মোবারক হোসেনের ছেলে আনোয়ার হোসেন ও আক্তার হোসেনের ছেলে জিয়া নিয়মিত প্রভাব খাটিয়ে রাতের আধারে আবাদি জমির মাটি কেটে বিক্রি করছে। এতে শুধু আবাদি জমির ক্ষতি হচ্ছে না, গ্রামীণ অবকাঠামো, রাস্তা ও ফসলি জমিও হুমকির মুখে পড়ছে।

চিতুলীয়পাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা সন্জাব আলী, আলম, সোলায়মান ও ইসরাইল বলেন, “আমাদের বাড়ির পাশে রাতের বেলা গভীর করে জমির মাটি কেটে বিক্রি করছে ওই চক্র। আমরা বহুবার নিষেধ করেছি, কিন্তু তারা প্রভাব দেখিয়ে নিয়মিত মাটি কাটছে। তাই বাধ্য হয়ে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

এ বিষয়ে ভূঞাপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসাইন বলেন, “অভিযোগের বিষয়ে আমরা অবগত আছি। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল