
(১ বছর আগে) ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৭:২১ অপরাহ্ন
ভৈরবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে মাসকলাই বীজ ও সার তুলে দিচ্ছেন অতিথিরা
খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভৈরবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আধুনিক হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম।
অনুষ্ঠানে ইউএনও শবনম শারমিন বলেন, সরকারের দেওয়া ৫ কেজি মাসকলাই বীজ দিয়ে ১ বিঘা জমিতে চাষ করা সম্ভব। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী বীজ রোপণ করলে কৃষকরা ভালো ফলন পাবেন। তিনি আরও বলেন, “মাসকলাই প্রোটিনসমৃদ্ধ ফসল। যারা মাছ-মাংস কম খান, তারা মাসকলাই খেলে প্রোটিনের ঘাটতি পূরণ হবে। তাছাড়া মাসকলাই চাষ শেষে একই জমিতে ধান উৎপাদন সম্ভব, যা কৃষকদের জন্য বাড়তি সুবিধা।”
তিনি জানান, অল্প খরচে অধিক ফলন পাওয়ায় কৃষকদের কাছে মাসকলাই চাষ অত্যন্ত লাভজনক।
আলোচনা শেষে ১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।