
(১ বছর আগে) ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৭:২৮ অপরাহ্ন
আন্তর্জাতিক নীল আকাশের জন্য নির্মল বায়ু দিবস উপলক্ষে কলাপাড়ায় র্যালি
পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক ‘নীল আকাশের জন্য নির্মল বায়ু’ দিবস উদযাপিত হয়েছে। মানবস্বাস্থ্য রক্ষার্থে বায়ুর গুণগত মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরতে জাতিসংঘ ঘোষিত এ দিবসকে কেন্দ্র করে রোববার সকালে র্যালি ও পথসভার আয়োজন করা হয়।
একশনএইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি)-এর সহযোগিতায় সদস্য সংগঠন প্রান্তজন ও কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের উদ্যোগে সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আন্দারমানিক নদীর তীরে হেলিপ্যাড মাঠে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মান্নুর সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মিলন কর্মকার রাজু, কবির তালুকদার, মো. নজরুল ইসলাম এবং প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।
বক্তারা বলেন, জীবনের জন্য নির্মল বায়ুর বিকল্প নেই। বিশ্বব্যাপী বায়ুদূষণ প্রতিনিয়ত ভয়াবহ আকার ধারণ করছে। এর ফলে মানবজীবন ও পরিবেশের ওপর চরম নেতিবাচক প্রভাব পড়ছে। এ পরিস্থিতি থেকে আশু উত্তরণের প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দিয়েই জাতিসংঘ ২০১৯ সালের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে প্রতি বছরের ৭ সেপ্টেম্বর ‘নীল আকাশের জন্য নির্মল বায়ু দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়।
পথসভা থেকে সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরা হয়:
১. ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার নিশ্চিত করতে হবে।
২. কলাপাড়ায় আশুগঞ্জ কোম্পানির জন্য অধিগ্রহণকৃত জমিতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে।
৩. পায়রা ৫০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়ন করতে হবে।
৪. পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ধাপ বাতিল করতে হবে।
৫. ক্লিন এয়ার অ্যাক্ট দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এ আয়োজনে সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, এনজিও কর্মী, নারী সংগঠনের সদস্য, কৃষক, সাংবাদিক, পরিবেশ কর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।