banglahour

দুই বছরের কাজ ১৩ বছরেও শেষ হয়নি

সারাদেশ | রিফাত রহমান, প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

(১ বছর আগে) ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৮:০১ অপরাহ্ন

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর আধুনিকায়ন প্রকল্প পরিদর্শনে সেনাবাহিনীর প্রতিনিধি দল।

কেরু এ্যান্ড কোম্পানীর আধুনিকায়ন প্রকল্পে ১০২ কোটি ২১ লাখ টাকার কাজ তদন্তে সেনাবাহিনীর ২৯ সদস্যের দল

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর আধুনিকায়ন প্রকল্পের ১০২ কোটি ২১ লাখ টাকার কাজ দুই বছরে শেষ হওয়ার কথা থাকলেও ১৩ বছরেও সম্পন্ন হয়নি। এ দীর্ঘসূত্রিতার তদন্তে বাংলাদেশ সেনাবাহিনীর ২৯ সদস্যের একটি দল রবিবার (৭ সেপ্টেম্বর) প্রকল্প এলাকা পরিদর্শন করেছে।

২০১২ সালে ‘বিএমআর অব কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড’ নামে প্রকল্পটি অনুমোদন পায়, যার কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৪ সালের জুনে। প্রথমে ব্যয় ধরা হয়েছিল ৪৬ কোটি টাকা। তবে সাত দফায় সময় বাড়িয়ে এবং খরচ দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ১০২ কোটি ২১ লাখ টাকায় উন্নীত করা হয়। শেষ সময়সীমা ধরা হয় ২০২৫ সালের জুন পর্যন্ত।

কিন্তু তাতেও কাজ শেষ হয়নি। এ পর্যন্ত ৮০ কোটি টাকা ব্যয় হলেও আর্থিক অগ্রগতি হয়েছে মাত্র ৭৮.৩২ শতাংশ। ২০২৫ সালের মার্চে আংশিক ওয়াটার ট্রায়াল রান হলেও পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হয়নি।

রবিবার দুপুরে সেনাবাহিনীর দলটি কেরুর বিএমআর প্রকল্প এলাকা পরিদর্শন করে। দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল নাহিদ আজগার, সাথে ছিলেন ব্রিগেডিয়ার সাজ্জাদ হোসেন, লেফটেন্যান্ট কর্নেল আলামিন হোসেনসহ মোট ২৯ সদস্য। প্রায় দেড় ঘণ্টা ধরে তারা কাজের অগ্রগতি, যন্ত্রপাতি স্থাপন ও নিরাপত্তাজনিত বিষয়গুলো পর্যালোচনা করেন।

গত ১৭ আগস্ট একনেক সভায় অষ্টমবারের মতো প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে আইএমইডি স্পষ্ট জানিয়ে দিয়েছে— আর সময় বাড়ানো হবে না এবং খরচও বাড়ানো যাবে না।

প্রকল্প বাস্তবায়িত হলে আখ মাড়াই ও চিনি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, প্রসেস লস হ্রাস, স্থানীয় কৃষি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে শিল্প মন্ত্রণালয়।

কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, “কাজ এখনও বুঝিয়ে দেওয়া হয়নি। বুঝিয়ে দিলে আমরা গ্রহণ করব।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল