banglahour

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

রাজনীতি | মোঃ শাহরিয়ার রহমান, নিজস্ব প্রতিবেদক।

(৮ মাস আগে) ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৯:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩১ পূর্বাহ্ন

ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতী সরকার।

আজ রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর শফিকুল আলম।

তিনি বলেন, “বৈঠকে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। একই সঙ্গে আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি বজায় রাখার ওপরও জোর দেওয়া হচ্ছে।”

প্রেস সচিব আরও জানান, সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা এড়াতে সবার প্রতি সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

গত শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলা’র দরবার শরিফে হামলা, ভাঙচুর ও মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে “অত্যন্ত ন্যাক্কারজনক” উল্লেখ করে শফিকুল আলম বলেন, এ ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রধান উপদেষ্টা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “পৃথিবীর কোনো শক্তি নেই এই নির্বাচন ঠেকাতে পারবে না। ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির চলমান আন্দোলন নিয়েও কথা বলেন তিনি। দুটি তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বদলি ও সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত পর্যালোচনা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “গ্রাহকসেবা ব্যাহত হলে সরকার কঠোর হবে।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল