
(১ বছর আগে) ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৮:৪৬ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) স্বপ্নদ্রষ্টা, সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছে সিকৃবি কর্তৃপক্ষ।
সম্প্রতি মৌলভীবাজারে অবস্থিত এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে তাঁর ১৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশ আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মরহুমের জ্যেষ্ঠ পুত্র সাবেক এমপি এম. নাসের রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মরহুম সাইফুর রহমান শিক্ষার প্রসার ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। বিশেষ করে ‘ফুড ফর এডুকেশন’কর্মসূচি চালু করে স্কুলে ভর্তি বাড়ানোর ক্ষেত্রে তিনি যুগান্তকারী উদ্যোগ নেন। তাঁর স্বপ্ন ও অবদান প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে।