
(১ বছর আগে) ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৮:৫৮ অপরাহ্ন
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার ও পরিবেশগত ক্ষতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সোমবার (৮ সেপ্টেম্বর) সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রাজশাহী–রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় স্যান্নাল। তিনি বলেন, সহজপ্রাপ্যতা ও অতিরিক্ত ব্যবহারের কারণে প্লাস্টিক এখন পরিবেশ ও জনজীবনের জন্য বড় হুমকি। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পুনঃচক্রায়ন হয় না, বরং তা দীর্ঘমেয়াদে বর্জ্য আকারে থেকে পরিবেশের স্থায়ী ক্ষতি করে।
তিনি আরও জানান, প্লাস্টিককে আকারের ভিত্তিতে মাইক্রো, মেসো ও ম্যাক্রো বর্জ্যে ভাগ করা যায়। এগুলোর প্রভাবে উদ্ভিদ, জলজ প্রাণী, বন্যপ্রাণী এমনকি মানুষও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, বেলার নেটওয়ার্ক সদস্য শহীদুল ইসলাম শহীদ, পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী নাহিদুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে নাঈমা, জিনিয়া, মায়া ও নুসরাত বক্তব্য দেন।
বক্তারা বলেন, শুধু আইনের প্রয়োগ নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। তাহলেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।