banglahour

রিকশার প্যাডেলে বিসিএসের স্বপ্ন: স্বপ্নবাজ বাবার অদম্য বিজয়ের গল্প

অনুসন্ধান | ঢাকা প্রতিনিধি, বাংলা আওয়ার

(৮ মাস আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ১২:২৭ পূর্বাহ্ন

একজন রিকশাচালক, বয়স প্রায় ৬০। গাইবান্ধা থেকে ঢাকায় এসে বসবাস করছেন একা, একটি ছোট্ট মেসে। পেশায় রিকশাচালক হলেও, হৃদয়ে বয়ে চলেছে এক বিশাল স্বপ্ন, ছেলেকে বড় অফিসার বানানোর স্বপ্ন। আজ সেই স্বপ্ন সত্যি।
বলছিলাম নান্দু সরকার এর কথা। আর তার সেই স্বপ্ন পূরণ করেছে তার ছেলে মনিরুজ্জামান রাজু, সদ্য ঘোষিত ৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহেশপুর গ্রামের এই মানুষটি নিজে প্রাথমিক বিদ্যালয় পেরোতে না পারলেও, ছেলের পড়াশোনার পেছনে কখনো কার্পণ্য করেননি। দিনে ১৬-১৭ ঘণ্টা রিকশা চালিয়ে যা আয় করতেন, তার অধিকাংশই খরচ হতো ছেলের পড়াশোনায়। নিজের জন্য রাখতেন মাত্র তিন-চারশ’ টাকা।

রাজুর বিসিএস উত্তীর্ণ হওয়ার খবরে আবেগে ভাসছেন বাবা নান্দু সরকার। গর্ব আর আনন্দে কণ্ঠে বলেন, "বাবা, হামারে আর বেশিদিন রিকশা চালাইতে হইবো না। আমার ছেলে তো বিরাট অফিসার হইছে!"

এই গল্প শুধু একটি পরিবারের নয়, বরং হাজারো এমন বাবার গল্প, যারা নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে সন্তানদের ভবিষ্যতের পথ তৈরি করেন। নান্দু সরকারের দৃঢ় মনোবল আর অবিচল ভালোবাসা আজ অনুপ্রেরণা হয়ে উঠেছে গোটা জাতির জন্য।
বাংলাদেশে স্বপ্ন দেখা যে এখনো নিষিদ্ধ নয়, বরং কঠিন পরিশ্রম আর আত্মত্যাগে তা যে বাস্তবে রূপ নেয়, নান্দু সরকার আর মনিরুজ্জামান রাজু তার এক উজ্জ্বল উদাহরণ।

বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই নান্দু সরকার ও তার সন্তানকে। তাদের এই গল্প প্রতিটি ঘরে পৌঁছে যাক, আর জাগিয়ে তুলুক নতুন স্বপ্ন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল