banglahour

ডাকসুর ভোট: উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয়

জাতীয় | বাংলা আওয়ার ডেস্ক

(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৯ পূর্বাহ্ন

দীর্ঘ বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। রাত পোহালেই এই ভোটগ্রহণ শুরু হবে। আর নির্বাচন ঘিরে সোমবার দিবাগত রাতেই ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সোমবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা দল বেঁধে বেরিয়ে আসছেন। কেউ টিএসসি, কেউ রাজু ভাস্কর্য, আবার কেউ ভিসি চত্বর এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। অনেকেই বলছেন, পরিবেশটা যেন ঈদের আগের রাতের মতো।

স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী শেখ শরীফ আহমেদ বলেন, “যেন মনে হচ্ছে আজকে চাঁদরাত, কাল ঈদ। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ডাকসু পাচ্ছি। বেশ ভালো লাগছে।”

জগন্নাথ হলের শিক্ষার্থী প্রত্যয় সাহা সৃজনও একই অনুভূতি প্রকাশ করে বলেন,  “সবার মাঝে এখন আগ্রহ, কে হবে কাঙ্ক্ষিত ছাত্র প্রতিনিধি।”

ভোটের আগের রাতে পুরো ক্যাম্পাস ছিল কড়া নিরাপত্তায় ঘেরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকগুলোতে পুলিশের পাশাপাশি বিএনসিসি ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। টিএসসি এলাকায় বসানো হয়েছে পুলিশের অস্থায়ী ক্যাম্প। নিরাপত্তার অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটও।


মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্ধারিত ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে শিক্ষার্থীরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

কার্জন হল: ৩টি হলের শিক্ষার্থী, ভোটার সংখ্যা ৫,০৭৭

শারীরিক শিক্ষা কেন্দ্র: ৪,৮৫৩ জন ভোটার

টিএসসি: রোকেয়া হলের ৫,৬৬৫ জন ছাত্রী

বিশ্ববিদ্যালয় ক্লাব: ৪,৭৫৫ জন ভোটার

সিনেট ভবন: ৪,৮৩০ জন ভোটার

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ: সর্বাধিক ভোটার ৬,১৫৫

ভূতত্ত্ব বিভাগ: কবি সুফিয়া কামাল হলের ৪,৪৪৩ জন ছাত্রী

ইউনিভার্সিটি ল্যাব স্কুল: শামসুন নাহার হলের ৪,০৯৬ জন ছাত্রী

 

শিক্ষার্থীরা বলছেন, জাতীয় নির্বাচনে যেমন সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন ওঠে, ডাকসু নির্বাচন অন্তত যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. সজীব বলেন,  “জাতীয় নির্বাচনগুলো সেভাবে সুষ্ঠু হয় না, তাই সবাই অপেক্ষা করছে ডাকসু নির্বাচন কেমন হয়।”

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ডাকসুর ভোট। কে হবেন ভিপি, জিএস বা এজিএস, তা নির্ধারণ হবে মঙ্গলবার। তবে আগের রাতেই স্পষ্ট, শিক্ষার্থীদের কাছে এই নির্বাচন শুধু রাজনীতির লড়াই নয়, বরং উৎসব, আনন্দ আর নতুন প্রত্যাশার প্রতীক।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল