banglahour

পঞ্চগড়ে সারজিস আলমের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

রাজনীতি | পঞ্চগড় প্রতিনিধি।

(৮ মাস আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:৪৯ পূর্বাহ্ন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে তেঁতুলিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি একটি শ্রমিক সংগঠনের মতবিনিময় সভায় সারজিস আলম তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেন। পরে ওই বক্তব্য ফেসবুকে ভাইরাল হলে বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ব্যবসায়ীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, সারজিস আলমের বক্তব্যে দাবি করা হয়েছিল— তেঁতুলিয়া বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে ভজনপুরে পাথরবোঝাই প্রতিটি ট্রাক থেকে ১ হাজার টাকা করে আদায় করা হতো এবং স্থলবন্দরে শ্রমিকদের পাওনা থেকে ভাগ নেওয়া হতো। বিএনপি নেতারা এসব অভিযোগ ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করেন।

তারা আরও জানান, পাথর–বালির মহাল সরকার ইজারা দিয়ে থাকে এবং ইজারাদাররাই প্রতি ট্রাক থেকে মাশুল আদায় করেন (৫০০ থেকে ৩০০ টাকা)। এ ব্যবস্থার সঙ্গে উপজেলা বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদকের কোনো সম্পর্ক নেই। তাই সারজিস আলমকে ভবিষ্যতে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক কাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম ও সদস্য সচিব জাকির হোসেন, পাথর–বালি ব্যবসায়ী যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক হামিদুল হাসান লাবু, বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ভজনপুর ইউপি চেয়ারম্যান মকছেদ আলী, বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ প্রধানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল