
(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ২:৫৫ অপরাহ্ন
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশী নাগরিককে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ হস্তান্তর কার্যক্রম শুরু হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তের মেইন পিলার ৭৬ এর নিকট শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ.সি. সুরিন্দর সিং উপস্থিত ছিলেন।
আলোচনার এক পর্যায়ে পূর্বে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশী নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। হস্তান্তরিতদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশ করে সেখানকার বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। বিজিবি জানায়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ ধরনের উদ্যোগ বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও আস্থা ও সৌহার্দ্যে সমৃদ্ধ করছে বলেও মন্তব্য করেন তিনি।
পরে হস্তান্তরিত ১২ জনকে দর্শনা থানায় নিয়ে যাওয়া হয়।