banglahour

জমি বিরোধে নিহত মোসলেম উদ্দিন ধরাছোঁয়ার বাইরে ৯ আসামি, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

সারাদেশ | কুড়িগ্রাম প্রতিনিধি।

(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৪:৩১ অপরাহ্ন

রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের হাতে খুন হওয়া মোসলেম উদ্দিন হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছে নিহতের পরিবার। এ ঘটনায় এখনও ৯ জন আসামি ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

আজ মঙ্গলবার কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী সহিদা বেগম এ দাবি জানান।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট নাগেশ্বরী উপজেলার গোবদ্বধন কুটি এলাকায় রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মোসলেম উদ্দিন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ভাই হাজার উদ্দিন বাদী হয়ে পরদিন থানায় মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী সহিদা বেগম অভিযোগ করে বলেন,রাস্তা নিয়া কথা বলায় আমার স্বামীরে বেলাল হোসেন ও তার পরিবারের লোকজন মাথায় আঘাত করে হত্যা করেছে। আমার মেয়েকেও তারা মেরেছে, মাকেও আঘাত করেছে। আমরা মামলা করেছি, কিন্তু এখন পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ৯ আসামি এখনও পলাতক।

লিখিত বক্তব্যে নিহতের ভাতিজা রবিউল ইসলাম বলেন, মামলার ১১ আসামির মধ্যে শুধু একজন গ্রেফতার হয়েছে। বাকিদের মধ্যে শেখ ফরিদ, আলমগীর হোসেন, মোজাম্মেল হক, আ. সালাম, রাহিমুল ইসলাম, মো. রবিউল ইসলাম, মফিজুল ইসলাম, বিলকিছ বেগম, মৌসুমী বেগম ও রাবেয়া বেগম এখনও ধরা পড়েনি। তিনি দ্রুত তাদের গ্রেফতার ও ন্যায়বিচারের দাবি জানান।

নিহতের মা সাহেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,আমার ছেলেকে তারা এভাবে কেন মারলো তার চার সন্তান এখন অনিশ্চয়তায় আছে। আমি এর ন্যায় বিচার চাই।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা নাগেশ্বরী থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন জানান,আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আসামিরা বাড়িতে থাকছে না। পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারা কেউ ফোনও ব্যবহার করছে না।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল