banglahour

মোংলায় বাড়ি জবরদখল চেষ্টায় হামলা, ভাঙচুর ও লুটপাট

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি ।

(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭:২৭ অপরাহ্ন

বাগেরহাটের মোংলায় বাড়ি জবরদখলের চেষ্টা চালিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ বলছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের মোর্শেদ সড়কের বাসিন্দা মনোয়ারা বেগম তার পৈতৃক জমিতে ১৯৮৬ সাল থেকে বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে শহরের মাদ্রাসা রোড এলাকার বুলবুল গং। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

অভিযোগে বলা হয়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বুলবুল তার সহযোগী কাওসার, বাচ্চু, নুর ইসলাম ও রবিউলসহ ১২-১৪ জন নিয়ে মনোয়ারা বেগমের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।

মনোয়ারা বেগম জানান, আমরা দীর্ঘদিন ধরে পৈতৃক জমিতে বসবাস করছি। প্রতিপক্ষ বুলবুল গং এ জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। আদালতে মামলা চলমান থাকা অবস্থায়ও তারা মঙ্গলবার দুপুরে বাড়িতে হামলা চালিয়ে টাকা-পয়সা, সোনাদানা ও মালামাল লুট করে নিয়ে গেছে। আমরা পুলিশের কাছে ন্যায়বিচার চাই।

এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তে এসআই হাদীউজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল