
(১ বছর আগে) ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৪:১০ অপরাহ্ন
বহিরাগতদের হামলার বিচার এবং দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা দ্রুত সিন্ডিকেট মিটিং ডেকে ছয় দফা দাবি বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে ছাত্র বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি উপস্থাপন করেন।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও, পরবর্তীতে উপাচার্য ও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত বা অগ্রগতি জানানো হয়নি। এমনকি সিন্ডিকেট মিটিংও ডাকা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন,আমাদের পড়াশোনার চরম ক্ষতি হচ্ছে। প্রশাসনের গাফিলতির কারণেই সংকট দিন দিন জটিল হচ্ছে। আমরা চাই দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হোক এবং যারা বহিরাগত হামলা চালিয়েছে তাদের শাস্তির আওতায় আনা হোক।