banglahour

বিয়ানীবাজারে বিএনপির বিশাল প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

রাজনীতি | বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

(৮ মাস আগে) ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:৪৪ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিলেট-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, “দেশে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মুক্তি হলেও ফ্যাসিবাদ পুরোপুরি মুক্ত হয়নি। প্রশাসনের সকল স্তরে এখনও ফ্যাসিবাদের প্রেতাত্মারা অবস্থান করছে। একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার ছাড়া টানা ১৬ বছরের ফ্যাসিস্টদের দমন সম্ভব নয়।” তিনি দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের গুরুত্বও উল্লেখ করেন।

ডাকসু নির্বাচনের ফলাফলের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও প্রভাব নেই বলে মন্তব্য করেন তিনি। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় ও বড় রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

ড. এনামুল হক চৌধুরী এই মন্তব্যগুলো করেন দক্ষিণ বিয়ানীবাজারে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত লিফলেট বিতরণ ও প্রচার মিছিল ও পথসভায়। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন। খণ্ড খণ্ড মিছিলগুলো দক্ষিণ বাজারে মিলিত হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্ট প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাপ্ত হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, “বিএনপি টানা দেড় দশক ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে আসছে। পতিত ফ্যাসিবাদী সরকারের হামলা, গ্রেফতার ও নিপীড়ন উপেক্ষা করে বিএনপি এখনও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান।

পথসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, এবং পরিচালনা করেন শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল