
(১ বছর আগে) ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৪:৫৬ অপরাহ্ন
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না অভিযোগ করেছেন যে ডাকসু ও জাকসু নির্বাচনে ভয়াবহ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোট কারচুপি করা হয়েছে। এমনকি এই ইঞ্জিনিয়ারিং শেখ হাসিনাকেও পরাজিত করেছে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জে নরসুন্দা নদী পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভিসি ও প্রক্টর জামাতীকরণের মাধ্যমে ডাকসু নির্বাচন কলুষিত হয়েছে। জাতীয় নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিএনপি নেতাকর্মীদের সতর্ক ভূমিকা থাকলে আর কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন।
নরসুন্দা নদী প্রসঙ্গে তিনি বলেন, একসময়ের খরস্রোতা এই নদী এখন মৃতপ্রায়। পৌরসভার দুর্নীতি ও অব্যবস্থাপনায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। যুবদল স্থানীয়ভাবে নদীর বড় বাজার ব্রিজ এলাকার অংশ উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে।
দেশব্যাপী কার্যক্রম নিয়ে তিনি জানান, যুবদল সামাজিকভাবে জনগণের পাশে দাঁড়াতে কাজ করছে এবং বিএনপি’র অন্যতম কর্মসূচি হিসেবে নদী-খাল রক্ষায় খনন কর্মসূচি পরিচালনা করছে।
এ সময় যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল কবির পল, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।