banglahour

মহাসড়ক অবরোধ ছাত্র জনতার: পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী, প্রতিনিধি, কুমিল্লা।

(১০ মাস আগে) ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১১ পূর্বাহ্ন

কুমিল্লার লাকসামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের বদলি আদেশ বাতিলের দাবিতে দফায় দফায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল থেকে শুরু করে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কয়েক দফা সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়ে আটকা পড়েন হাজারো যানবাহন। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যানবাহনের যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালক, শ্রমিকসহ সাধারণ মানুষ।

নির্বাহী কর্মকর্তা বদলি ঠেকাতে প্রথম বিকাল সাড়ে ৪ টায় লাকসাম বাইপাস চৌরাস্তায় ছাত্রজনতার অবস্থান নিয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। পরে তীব্র যানজটে পড়া ভোগান্তি এড়াতে নির্বাহী কর্মকর্তা নিজেই ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে নেন। 
পরবর্তীতে আবার সন্ধ্যায় ছাত্রজনতা মহাসড়ক অবরোধ করেন লাকসাম বাইপাস এলাকায়। পরে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তবুও পরিস্থিতি উত্তেজনা বিরাজ করছে।

এদিকে আন্দোলনরত ছাত্ররা ঘোষণা দিয়েছে, বদলি আদেশ প্রত্যাহারের সুস্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে, আর সন্ধ্যার পর থেকে রেললাইনও বন্ধ করে দেওয়া হবে।

এসময় ঘটনাস্থলে ইউএনও কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং লাকসাম থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা উপস্থিত হয়ে ছাত্রদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তারা তা প্রত্যাখ্যান করে।

এর আগে গতকাল (১১ সেপ্টেম্বর) দুপুরে লাকসামের সর্বস্তরের মানুষ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে। কিন্তু রাতেই ইউএনও কাউছার হামিদের রিলিজ আদেশ জারি হলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে।

টানা তিন দিন ধরে লাকসামে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি চলছে। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, “জনগণের স্বার্থে কাজ করায় একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে ইউএনওকে বদলির চেষ্টা চালাচ্ছে। আমরা এই ষড়যন্ত্র মেনে নেব না। অবিলম্বে বদলি আদেশ বাতিল করতে হবে।

সোশ্যাল মিডিয়াতেও হাজারো মানুষ ক্ষোভ প্রকাশ করে পোস্ট দিতে থাকায় আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সাধারণ ছাত্ররা রাস্তায় নেমে এসে পুরো শহরকে অচল করে দেয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল