
(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৯ পূর্বাহ্ন
পিরোজপুর:পিরোজপুরের নাজিরপুরে বহিষ্কৃত উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাসহ জাতীয় পার্টির প্রায় ৫০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
তবে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতাকে দলে নেওয়ায় স্থানীয়দের মাঝে বিতর্কের সৃষ্টি হয়েছে।ওই নেতার নাম ইস্রাফিল হাওলাদার। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সম্প্রতি চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ জামায়াতের এক কর্মীর দোকান দখল করার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এছাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আল আমিন খানসহ আরও প্রায় অর্ধশতাধিক ব্যক্তি জামায়াতে যোগদান করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদরাসা মাঠে উপজেলা জামায়াত আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে পিরোজপুর ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী ও জেলা জামায়াত আমির তাফাজ্জল হোসাইন ফরিদ এর হাতে ফুলের তোড়া দিয়ে এবং সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।
স্থানীয় বিএনপি'র নেতাকর্মীদের দাবি, ইস্রাফিল হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও বিভিন্ন অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন।এছাড়া গত বছরের ৫ আগস্ট এর পরে তিনি জামায়াত দলীয় এক ব্যক্তির দোকান ঘরে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবিট টাঙ্গিয়ে সেটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করেন। এ সমস্ত কারণে তার বিরুদ্ধে বহু অভিযোগ জমা পড়ে উপজেলা বিএনপিতে। অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ৯ মে কেন্দ্রীয় নির্দেশে জেলা স্বেচ্ছাসেবক দল তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে।
তবে যোগদান অনুষ্ঠানে ইস্রাফিল হাওলাদার বলেন, আমি একজন মুসলমান হিসেবে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। বিএনপি ইসলামী আদর্শে পরিচালিত নয়, তাই আমি তাদের থেকে বেরিয়ে এসেছি। এখন থেকে আমি জামায়াতে ইসলামীতে থেকে সারাজীবন ইসলামের পক্ষে কাজ করতে চাই।বিভিন্ন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং স্থানীয় জামায়াতের এককর্মীর দোকান ঘরে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি টাঙ্গিয়ে দলীয় কার্যালয় বানানোর অপরাধে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।এমন একজন বিতর্কিত ব্যক্তিকে জামায়াত কোলে তুলে নেওয়ায় জনগণের মাঝে প্রশ্ন উঠেছে জামায়াতের নৈতিকতা ও রাজনৈতিক আদর্শ নিয়ে।