
(১০ মাস আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৪ অপরাহ্ন
সিলেট নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। শনিবার এ অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে নগরবাসীর নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ঐতিহ্যবাহী ক্বিনবিজ এলাকা থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়। এছাড়া দক্ষিণ সুরমার যমুনা মার্কেটের সামনের অবৈধ স্থাপনা ও নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে দখলমুক্ত করা হয়।
এ সময় জানানো হয়, নগরবাসীর সুবিধার্থে অবিলম্বে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে হবে। অন্যথায় নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীনসহ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।