
(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৭:৫৫ অপরাহ্ন
পিরোজপুর পুলিশ লাইন্সের ঝুঁকিপূর্ণ তিন তলা বিশিষ্ট পুরুষ পুলিশ ব্যারাক হাউজের পুন:সংস্কার কাজ শুরু হয়েছে।
১৯৯০ সালে ১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ২ হাজার ৮৭২ বর্গফুট আয়তনের এ ভবনটির পুনঃসংস্কারে ব্যয় হবে ২ কোটি ৩৫ লাখ টাকা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।
আগামী দুই মাসের মধ্যে ভবনের পুনঃসংস্কার কাজ শেষ হবে। দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ৩০০ পুলিশ সদস্যের জন্য নির্মিত এই ভবনের বিভিন্ন পিলার নষ্ট হয়ে গেছে। এছাড়া ছাদ ও দেওয়ালের পলেস্তরা বিভিন্ন স্থানে ধ্বসে পড়েছে।
পিরোজপুর গণপূর্ত বিভাগ রেটরোফিটিং পদ্ধতিতে নষ্ট পিলার ও ছাদকে শক্তিশালী করবে। এছাড়া ধ্বসে পড়া পলেস্তরার অংশ মেরামত করার পাশাপাশি ভবনটি রং করে ঝকঝকে করা হবে। এটি মূলত পুনঃসংস্কার হিসেবে বাস্তবায়িত হবে।
পুলিশ সুপার জানান, আগামী পাঁচ বছর পর ভবনটি অপসারণ করে নতুন একটি ব্যারাক নির্মাণ করা হবে।