banglahour

পূর্ব সুন্দরবনে পর্যটক নিখোঁজ বাবা-মায়ের সামনে থেকে সমুদ্রে ভেসে গেল ছেলে

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১০:০৩ অপরাহ্ন

পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমেরচর সংলগ্ন সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক কিশোর পর্যটক। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার বাসিন্দা। তার খোঁজে বর্তমানে শরণখোলা, কটকা, কচিখালীর ফরেস্ট টিম, কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, শনিবার সকালে ৭৫ জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ এমভি দি এক্সপ্লোরার কচিখালীতে নোঙর করে। এরপর পর্যটকেরা নৌকায় করে ডিমেরচর সীবিচে ঘুরতে যান। ঘোরাঘুরির এক পর্যায়ে মাহিত তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সঙ্গে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে যায়। জাহাজের স্টাফ ও বনরক্ষীরা তৎক্ষণাৎ উদ্ধারে চেষ্টা চালালেও তাকে খুঁজে পাননি।

টোয়াস (ট্যুর অপারেটর অব সুন্দরবন অ্যাসোসিয়েশন)-এর সেক্রেটারি নাজমুল আজম ডেভিট জানান, জাহাজটি শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে এবং সুন্দরবন ভ্রমণ শেষে রোববার রাতে খুলনায় পর্যটকদের নামিয়ে দেওয়ার কথা ছিল।

নিখোঁজ পর্যটককে উদ্ধারে মোংলার নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে এবং ইতোমধ্যে তারা ডিমেরচরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেব বলেন, ফরেস্ট টিম, কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে নিখোঁজ পর্যটককে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল