banglahour

ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনকেও সরব হতে হবে : মাওলানা হাবিবুর রহমান

রাজনীতি | সিলেট প্রতিনিধি ।

(১ বছর আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৭:২৬ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের প্রতিটি সেক্টর থেকে পরিবর্তনের ডাক উঠেছে। সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনও এর বাইরে নয়। সমাজ পরিবর্তনে লেখক ও সংস্কৃতিকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।

তিনি বলেন, আমাদের সবার কাজের লক্ষ্য হওয়া উচিত ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তি। এজন্যই স্ব-স্ব অবস্থান থেকে ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সিলেট সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায়। জামায়াত ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করছে। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। আগামী নির্বাচনে সত্য ও সুন্দরের পক্ষে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সাংস্কৃতিক সংসদের পরিচালক জাহেদুর রহমান চৌধুরী এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ কবি কালাম আজাদ, সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, মুফতি আলী হায়দার, কবি বাসিত ইবনে হাবিব, কবি নাজমুল আনসারী, ছড়াকার কামরুল আলম ও কবি মামুন সুলতান।

সমাবেশে সিলেটের বিভিন্ন পর্যায়ের কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল