
(১ বছর আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:৩৬ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে কোনো হুঙ্কারেই আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই।
মঙ্গলবার দুপুরে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেষ বিচারে জনগণই সিদ্ধান্ত নেবে তারা কার সঙ্গে থাকবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, দেশের মালিকানা চায়, অন্যায়-অত্যাচারের বিচার চায়, লুণ্ঠিত অর্থ ফেরত আনতে চায়। পাখির মতো গুলি করে হত্যার বিচার, ফ্যাসিবাদের বিচার চায়। জনগণ কোনো অবস্থাতেই নির্বাচন প্রলম্বিত করে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করে স্বৈরাচারের পুনর্বাসন দেখতে চায় না। আজ যারা হুঙ্কার দিচ্ছেন, তারা প্রকারান্তরে স্বৈরাচারকে পুনর্বাসনের পথ সুগম করছেন।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সভাপতিত্ব করেন। এ সময় সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।