
(১ বছর আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৯:২১ অপরাহ্ন
দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৩১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ডাকাত, সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারী, অনলাইন জুয়ারী ও মাদকাসক্তসহ বিভিন্ন অপরাধী আটক হয়েছেন।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮৪৫ রাউন্ড বিভিন্ন ধরণের গোলাবারুদ, ৪৯ রাউন্ড রিভলভার কার্তুজ, ২টি ম্যাগাজিন, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র, মাদকদ্রব্য, ওয়াকটক, বুলেটপ্রুফ জ্যাকেট, পাসপোর্ট, মোবাইল ফোনসহ অন্যান্য চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে নানাবিধ এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া সীমান্ত অঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সরাসরি বাহিনী সম্পৃক্ত রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয় সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।