
(৭ মাস আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৮:৫১ অপরাহ্ন
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ কুমিল্লা জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও সরকারের যুগ্ম-সচিব মোঃ শাহ আলম, আইসিটি বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ সাইফুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলার ১৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।
সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুত চলমান কাজগুলো সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব।
পরে বিকেলে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ডাটা গভর্নেন্স এবং ইন্টারঅপারেবিলিটি বিষয়ক সেশন পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এছাড়া বার্ড-এর ময়নামতি মিলনায়তনে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বর্তমানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।