
(৭ মাস আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৮:৫৯ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের দেশ ও রাষ্ট্র পরিচালনায় মূল ভূমিকা রাখবে। শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠা তরুণ প্রজন্মই পারে জাতিকে সঠিক দিশা দিতে।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রসমাজকে সর্বদা জাতীয় উন্নয়নের চালিকাশক্তি হিসেবে দেখেছেন। তাঁর সময়েই শিক্ষাখাতে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উচ্চশিক্ষা বিস্তার, নারী শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের ভাতা ও বৃত্তি প্রদানের মাধ্যমে প্রজন্মকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান ও বিশ্বায়নের সাথে সমানতালে তরুণদের এগিয়ে নিতে কার্যকর নীতি প্রণয়ন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত শিক্ষার্থীদের নিয়ে আগামীর বাংলাদেশ ভাবনা শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশকে বাঁচাতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজকে বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনের বাংলাদেশ হবে আজকের তরুণ প্রজন্মের হাত ধরে।
সভায় সভাপতিত্ব করেন সুলেমান আহমদ এবং সঞ্চালনা করেন মো. দিলদার হোসেন দিদার। এসময় স্কুল-কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকার, সহকারী প্রধান শিক্ষক ক্ষিতীশ সরকার, সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল, শিরীনা আক্তার, মুশফিকুর রহমান, মাহবুব আলম খন্দকারসহ শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এর আগে মিফতাহ্ সিদ্দিকী স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বিকেলে তিনি জৈন্তাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত জৈন্তাপুর ইউনিয়ন প্রথম ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।