
(৭ মাস আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯:০৬ অপরাহ্ন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) (১ম সংশোধন) শীর্ষক প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের সদস্যরা।
১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম এবং প্রধান (অতিরিক্ত সচিব) মো. আব্দুর রউফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে প্রকল্পের বিভিন্ন কাজের অগ্রগতি ঘুরে দেখেন।
তারা ৬ তলা ভিতের উপর ৬ তলা একাডেমিক ভবন, ১০ তলা ছাত্র ও ছাত্রী হল (প্রতিটি ৬০০ সিট), ১০ তলা একাডেমিক ভবন, আবহাওয়া স্টেশন ভবন এবং ৭০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামসহ বিভিন্ন নির্মাণ কাজ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তারা প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠু বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পবিপ্রবি আরও আধুনিক ও মানসম্মত শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। শিক্ষার্থীদের জন্য উন্নত একাডেমিক ও আবাসিক পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” তিনি আশা প্রকাশ করেন, দ্রুততার সঙ্গে প্রকল্পের সব কাজ শেষ হবে।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, প্রকৌশলী মো. ইউনুছ শরীফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সুসজ্জিত একাডেমিক ও আবাসিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে, যা পবিপ্রবিকে দেশের শীর্ষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আরও সমৃদ্ধ করবে।