banglahour

কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ২০ সেপ্টেম্বর

সারাদেশ | কিশোরগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ২:৫১ অপরাহ্ন

দীর্ঘ ৯ বছর পর আগামী ২০ সেপ্টেম্বর (শনিবার) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এ সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। সম্মেলন সফল করতে নির্বাচনী কার্যক্রমসহ নানা উপকমিটি গঠন করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম জানান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আর প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল। সম্মেলনের সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

এর আগে গত ২৬ আগস্ট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এবং ১০ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল। পরে তা পরিবর্তন করে ২০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।

জেলা বিএনপির ২১টি ইউনিটের মোট ২ হাজার ৯০ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিজানুর রহমান লিখিত বক্তব্যে জানান, ৭ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরাতন স্টেডিয়ামে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।

সভাপতি পদে লড়বেন বর্তমান সভাপতি মো. শরীফুল আলম এবং সহ-সভাপতি রুহুল হোসাইন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, এডভোকেট সাজ্জাদুল হক এবং বিএনপি নেতা শফিকুল আলম রাজন।

জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম আশা প্রকাশ করেছেন, উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে জেলা বিএনপির সম্মেলন শেষ হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল