
(৭ মাস আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৩:০৮ অপরাহ্ন
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে আটকানো নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। এ সময় পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, সংঘবদ্ধ পাচারচক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনযাপন ও কম খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফের পাহাড়ে আটকে রেখেছিল। পরে সুবিধাজনক সময়ে সাগর পথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা ছিল পাচারকারীদের। এমনকি তাদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চালানো হচ্ছিল।
অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের আটকের জন্য কোস্ট গার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।