banglahour

খাদ্য সংকটে রুমা আবাসিক বিদ্যালয়ের আগাম ছুটি ঘোষণা

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি।

(৭ মাস আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৯:৪৭ অপরাহ্ন

খাদ্য সংকটের কারণে বান্দরবানের রুমা উপজেলার উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের প্রায় ৩শ শিক্ষার্থীকে আগাম ছুটি দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলু ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে একজন ঠিকাদারের মাধ্যমে আবাসিক শিক্ষার্থীদের খাদ্য সরবরাহ করা হয়। কিন্তু ২০২৩ সাল থেকে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়নি। ফলে তিনি নিজে স্থানীয় দোকান থেকে বাকিতে খাদ্যসামগ্রী সংগ্রহ করে বিতরণ করে আসছিলেন। আগেরবার বোর্ড থেকে টাকা পরিশোধ করা হলেও এবার টানা তিন মাস ধরে কোনো অর্থ ছাড় করা হয়নি। এ কারণে খাদ্য সরবরাহকারী দোকানদার আর বাকিতে খাদ্য দিচ্ছেন না।

প্রধান শিক্ষক বলেন, নিরুপায় হয়ে আজ ১৩০ জন ছাত্র ও ১৭০ জন ছাত্রীকে আগাম ছুটি দিতে বাধ্য হয়েছি। আশা করি দুর্গাপূজার মধ্যেই সমস্যার সমাধান হবে এবং শিক্ষার্থীরা আবার আবাসিকে ফিরতে পারবে।

এদিকে খাদ্য সরবরাহকারী ব্যবসায়ী ক্যাহ্লাচিং মারমা জানান, তিনি ২০২৩ সাল থেকে নিয়মিত বাকিতে খাদ্য সরবরাহ করে আসছেন। বর্তমানে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা বাকি আছে। কিন্তু টাকা ফেরতের কোনো নিশ্চয়তা না থাকায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। তাই তিনি আর বাকিতে খাদ্য দিতে পারছেন না।

এ বিষয়ে জানতে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন-কে একাধিকবার ফোন করা হলেও তাঁরা রিসিভ করেননি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল