
(১ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৯:৫৬ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন,
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রব্যবস্থার সংস্কার। সেই সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচন আয়োজন মানেই জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করা।
তিনি আরও বলেন, জামায়াত নির্বাচনের আগে জুলাই সনদের আইনী ভিত্তি, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই দাবিগুলো শুধু জামায়াত নয়, দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা অধিকাংশ রাজনৈতিক দলেরও দাবি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে মহানগর ও বিভিন্ন থানা-ওয়ার্ড ইউনিটের হাজারো নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন—
সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন,
মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী,
মাওলানা ইসলাম উদ্দিন,
সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ,
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ,
বিশ^নাথ উপজেলা আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী,
শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু,
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট সভাপতি এডভোকেট আলিম উদ্দিন,
ইসলামী ছাত্রশিবির মহানগর সভাপতি শাহীন আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি ড. আজাদ বলেন,
একটি বিশেষ দল নিজেদের সংকট ঢাকতে যেনতেনভাবে নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চায়। অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্ত এখন সেই দলের ইচ্ছার উপর নির্ভরশীল। আমরা আলোচনার মাধ্যমে সমাধানে রাজি আছি, না হলে রাজপথেই সমাধান হবে। চাইলে গণভোট দিন, তাতেও আমরা রাজি। কিন্তু সংস্কার ছাড়া সাজানো নির্বাচন করে কাউকে ফ্যাসিবাদী হতে দেয়া হবে না।
বিশেষ অতিথি মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর বলেন,
"জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে জামায়াত ঘোষিত ৫ দফা পূরণের বিকল্প নেই। দেশে নতুন করে কাউকে ফ্যাসিবাদী হওয়ার সুযোগ দেয়া হবে না।"
সভাপতির বক্তব্যে মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন,
জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন করতে হবে। অন্যথায় শহীদ ও আহতদের রক্তের সাথে কোনো উপহাস ছাত্র-জনতা মেনে নেবে না।