
(১ বছর আগে) ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৮:৫৬ অপরাহ্ন
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে অন্তর্বতীকালীন সরকার যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে তার ৯৫ ভাগ বিএনপি আড়াই বছর আগেই জনগণের সামনে উপস্থাপন করেছিল। এসব বাস্তবায়নের জন্য একটি প্রকৃত জনগণের সরকার প্রয়োজন, যেটি জনগণের রায়ে প্রতিষ্ঠিত হবে এবং জনগণের কাছে জবাবদিহি করবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, নিরাপত্তা, কর্মসংস্থান—এসব নিশ্চিত করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
তারেক রহমান আরো বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা, নারীদের অধিকার, যুবকদের কর্মসংস্থান, ছোট উদ্যোক্তাদের সহযোগিতা, কৃষকের পাশে দাঁড়ানো এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বিএনপি’র অঙ্গীকার। এসব বাস্তবায়ন করতেই জনগণের রায়ে সরকার গঠন জরুরি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বতীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করবে। এই নির্বাচনে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন আদায় করতে হবে। এজন্য যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
তিনি সতর্ক করে বলেন, “কেউ যেন বিএনপি’র নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পারে, বিভ্রান্তি ছড়াতে না পারে। দল ও জনগণের স্বার্থেই সবাইকে সজাগ থাকতে হবে।”
কিশোরগঞ্জ জেলা পুরাতন স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি শরীফুল আলম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। উদ্বোধক ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রধান বক্তা যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আরও উপস্থিত ছিলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ।
সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্মেলন শুরু হয়। বর্তমানে ২ হাজার ৯০ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে জেলা বিএনপি’র নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন চলছে। সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।