
(১ বছর আগে) ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৯:০২ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চনা ও অবহেলার শিকার। অবকাঠামোগত অনিয়ম, বৈষম্যমূলক নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের কারণে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান খাতে বড় ধরনের ক্ষতি হয়েছে।
তিনি বলেন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পায়ন, স্বাস্থ্যসেবা ও প্রবাসী নির্ভর অর্থনীতিকে শক্তিশালী করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে সম্ভাবনাময় অঞ্চলে রূপান্তর করা তাঁর অঙ্গীকার। “স্থানীয় সম্পদ ও মানবসম্পদকে কাজে লাগিয়ে জনগণের অধিকার নিশ্চিত করতে বিএনপিকে বিজয়ী করতে হবে,” যোগ করেন তিনি।
শনিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলা সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এড. এমরান বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু ক্ষমতার রূপরেখা নয়, বরং জাতিকে নতুন দিগন্তে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। এই কর্মসূচিই জনগণের মুক্তির সনদ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে জাতীয় উন্নয়নের মডেলে রূপান্তর করবে।
সমাবেশে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্না নার্জিস, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, বিয়ানীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসেন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রেকলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।