banglahour

খুলনায় পূজা উদযাপন পরিষদের সাথে জেলা বিএনপির মতবিনিময় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৯:১৭ অপরাহ্ন

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পলাতক স্বৈরশাসনের সুবিধাভোগীদের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, ঐতিহ্যগতভাবে সবার সহযোগিতায় বাংলাদেশে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির এক অনুপম দৃষ্টান্ত সুপ্রতিষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির প্রস্তুতি সভা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্টু বলেন, খুলনার নয়টি উপজেলা ও দু’টি পৌরসভায় ৮৫৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মন্ডপে বিএনপির নেতাকর্মীরা আয়োজকদের সহযোগিতায় স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে তিনি সতর্ক করে বলেন, “কোনো মোটরসাইকেল মহড়া বা শো-ডাউন করা যাবে না। আয়োজকদের অসুবিধা হয় এমন কিছু করা যাবে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।”

সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, রাত ১২টা পর্যন্ত ফেরী চলাচল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভ্রাম্যমাণ টহল ও মোবাইল টিম বাড়ানোর দাবি জানান।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এড. মোমরেজুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কৃষ্ণপদ দাশ, সাধারণ সম্পাদক বিমান সাহা, সহ-সভাপতি রতন মিত্রসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল