
(৭ মাস আগে) ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৬:০৯ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টিমের সদস্য ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের খ্যাতিমান সাবেক ক্রিকেটাররা।
সভায় সিলেটের ক্রিকেট উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়নে সবাই একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য সাবেক ক্রিকেটার রাহাত সামছ, এনামুল হক জুনিয়র, সাবেক ক্রিকেটার ও বিসিবির বয়সভিত্তিক দলের ব্যাটিং কোচ রাজিন সালেহ, সিলেটের ডিভিশনাল কোচ ইমন আহমদ, ক্রীড়া সংগঠক গোলাম কিবরিয়া ও ইমতিয়াজ আহমদ জগলু।
মতবিনিময় কালে ড. এনামুল হক চৌধুরী বলেন, পতিত আওয়ামী সরকার দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। ক্রীড়াঙ্গনও তাদের দলীয়করণের শিকার হয়েছে। তিনি আরও বলেন, ক্রিকেটের নেতৃত্ব প্রকৃত ক্রিকেটারদের হাতে থাকলে জাতি উপকৃত হবে। বিসিবিতে সিলেটের প্রতিনিধিত্বের ক্ষেত্রেও ক্রিকেট সংশ্লিষ্ট যোগ্য নেতৃত্ব বাছাই করা জরুরি।
তিনি জোর দিয়ে বলেন, “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক ক্রিকেটারদের ঐক্যবদ্ধ হয়ে দেশের ক্রিকেটের উন্নয়নে এগিয়ে আসতে হবে।