
(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৯:১৩ পূর্বাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ বিগত সাড়ে ১৫ বছরে দেশকে গভীর সংকটে ফেলে পালিয়েছে। গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকারকে পদদলিত করেছে। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হবে। জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ শুরু হবে।”
সোমবার বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ। সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ ও উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান বক্তা হিসেবে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে আত্মবিশ্বাসী জাতিতে পরিণত করেছিলেন। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার প্রসার, অবকাঠামো উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও অর্থনীতির ভিত মজবুত করেছিলেন। তাদের অবদানই নতুন বাংলাদেশের ভিত্তি হবে।”
সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দীন লস্কর। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।