banglahour

জাতিসংঘ অধিবেশনের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় কাটালেন প্রধান উপদেষ্টা

বিশ্ব | মাইনুল ইসলাম, নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র।

(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৯:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৬ অপরাহ্ন

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের দ্বিতীয় দিন সকালে উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বের শীর্ষ নেতা ও রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ অধিবেশনে বৈশ্বিক শান্তি, যুদ্ধ–সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিলো আলোচনার মূল বিষয়।

অধিবেশন শেষে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশের রপ্তানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, দারিদ্র বিমোচন ও উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো নিয়ে আলোচনা হয়।

পরে নেদারল্যান্ডসের রাণী দ্বিতীয় ম‍্যাক্সিমার সাথে বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্রঋণ, নারী উদ্যোক্তা ও ডিজিটাল ফাইন্যান্সের উন্নয়ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা।

রাতের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে আয়োজিত রিসেপশনে যোগ দিয়ে নৈশভোজে অংশ নেন ড. ইউনূস।

তবে দ্বিতীয় দিনে ব্যস্ততম এ আয়োজন সত্ত্বেও সাংবাদিকদের মূল আগ্রহ ছিলো নিউইয়র্ক বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনাকে ঘিরে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বিষয়টি যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিমানবন্দরে নিরাপত্তা ঘাটতির বিষয়ে প্রশ্ন করলে প্রেস সচিব বলেন, রাজনৈতিক পাঁচ নেতারই প্রধান উপদেষ্টার বহরের সঙ্গে বের হওয়ার কথা ছিল। কিন্তু একজনের ভিসা সংক্রান্ত জটিলতায় বহর ৩০ মিনিট অপেক্ষা করলেও পরে রাজনৈতিক নেতারা আলাদা পথে বের হন। এসময় পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় নিরাপত্তা সংকট দেখা দেয়। প্রেস সচিব এ ঘটনাকে কমিউনিকেশন গ্যাপ হিসেবে উল্লেখ করেন।

এদিন নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল