
(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৮:২৪ অপরাহ্ন
পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবির বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইসলামী ব্যাংক মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
পরে কটিয়াদী বাসস্ট্যান্ড গোল চত্বরে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কটিয়াদী-পাকুন্দিয়া আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। এছাড়াও বক্তব্য দেন জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাইদুল হক বিএসসি এবং পৌর জামায়াতের আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার প্রমুখ।
বক্তারা বলেন, দেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে।