
(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৫:৪৭ অপরাহ্ন
নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজে এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, নির্বাচন কমিশন সর্বশেষ জানিয়েছে তারা শাপলা প্রতিক দিবে না এবং এর কারণও ব্যাখ্যা করবে না। আসলে তাদের কাছে যৌক্তিক বা আইনগত কোনো কারণ নেই, এজন্য তারা ব্যাখ্যা করতে পারছে না। তিনি বলেন, “যদি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো স্বাধীন একটি প্রতিষ্ঠান মার্কা দেয়ার বিষয়ে চাপের কাছে পরাজিত হয়, তাহলে নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্ন নির্বাচনের আগেই উঠছে।”
তিনি আরও বলেন, এনসিপি শাপলা প্রতিক অন্তর্ভুক্ত করার আবেদন করেছে এবং আইনগত কোনো বাধা না থাকার কারণে আশা প্রকাশ করেন যে, তাদের আবেদন মেনে নেওয়া হবে।
সারজিস আলম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থনপ্রাপ্ত জনসমাগম নিয়ে যে সংখ্যা দেখানো হয় তা বাস্তব নয়, এবং জুলাই অভ্যুত্থানে তাদের মাঠে উপস্থিতি ছিল না। এছাড়া তিনি গণঅধিকার পরিষদ ও এনসিপি একত্রিত হওয়ার সম্ভাবনা তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মের রাজনৈতিক দল হিসেবে একীভূত হয়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। আশা প্রকাশ করেন, নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে মানুষের সমর্থন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব অর্জন করবে এনসিপি।