
(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৭:৪১ অপরাহ্ন
রাজবাড়ীর কালুখালীতে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, বসতবাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাওরাইল ইউনিয়নের বিশোসাওরাইল গ্রামে মোল্লা ও মন্ডল গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এতে একপক্ষের ৩ জন আহত এবং অন্যপক্ষের ৩টি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আহতরা হলেন:
শাহাদাত মোল্লা (৫৫) – মৃত জিয়ারত মোল্লার ছেলে
কাসেম মোল্লা (৫৫) – মৃত কেরামত মোল্লার ছেলে
নিয়ামুল মোল্লা (৫০) – মৃত আলী মোল্লার ছেলে
তাদের মধ্যে শাহাদাত মোল্লা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
অন্যপক্ষের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে মানিক মন্ডল, মোহম্মদ আলী মন্ডল ও সাত্তার মন্ডলের বসতবাড়িতে। মানিক মন্ডলের বাড়ি থেকে ২টি গরু, ৩টি ছাগল ও নগদ অর্থ লুট হওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত অর্থ লেনদেনকে কেন্দ্র করে মন্ডল গ্রুপের জুয়েল রানা ও মোল্লা গ্রুপের হেলাল মন্ডলের মধ্যে বিরোধ থেকে। শুক্রবার রাত ৮টার দিকে মন্ডল গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে শাহাদাত মোল্লাসহ তিন জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এর প্রতিশোধে শনিবার সকালে মোল্লা গ্রুপের লোকজন মন্ডল গ্রুপের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহেদুর রহমান জানান, ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত।
উল্লেখ্য, বিশোসাওরাইল গ্রামে মোল্লা গ্রুপের নেতৃত্ব দেন শাহাদাত মোল্লা, এবং মন্ডল গ্রুপের নেতৃত্ব দেন হেকমত মন্ডল।