
(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৫ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যদি আমরা ঐক্যবদ্ধ না হই, গণতান্ত্রিক শক্তিগুলো একত্রিত না হয়, তাহলে ২০০৮ সালের তথাকথিত নির্বাচনের মতো ওয়ান ইলেভেনের মাধ্যমে স্বৈরাচার আবারও জেঁকে বসতে পারে। আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের সম্ভাবনা রয়েছে। আমাদের জনগণের চাহিদা অনুযায়ী চলতে হবে। একটি কথা—সবার আগে বাংলাদেশ।”
শনিবার বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি। এদিন ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপাসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, সহসাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সঞ্চালনা করেন সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।
তারেক রহমান আরও বলেন, বক্তব্য অনেক হয়েছে, এখন আমাদের কাজ করতে হবে। সম্মেলনের শ্লোগান হোক—ঐক্য, জনগণ ও পুনর্গঠন। নেতাকর্মীরা হাজার হাজার জনগণকে নিয়ে আন্দোলন করছে। জেলে গিয়েছে, গুম হয়েছে। স্বৈরাচারের পতন ঘটেছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগোতে হবে। জনগণের কাছে যেতে হবে। মিটিং করে নয়, প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।
প্রধান বক্তা সালাউদ্দিন আহমেদ বলেন, ১৬ বছর পর এমন দিন দেখার প্রত্যাশা ছিল। আমরা অতীত ভুলে যাই না। দেশে দুই লক্ষ ৮০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। ব্যাংকিং সেক্টর খেলাপি ঋণে জর্জরিত। জুলাই অভ্যুত্থানে ১৪০০ মানুষ হত্যা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে, ২০ হাজার মানুষ পঙ্গু হয়েছে। বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস। ইসলামকে রাজনীতির কোটা বানানো যাবে না। আমরা সবাই জুলাই যোদ্ধা।”
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ৪১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
শনিবার সম্মেলনে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।