
(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৭:৫২ অপরাহ্ন
রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের সাধারণ জনগণ চিহ্নিত সন্ত্রাসী, মামলাবাজ ও মাদকাসক্ত বায়েজিদ আহম্মেদ কালু বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধন ও মিছিলে বক্তারা বলেন, বায়েজিদ আহ্মেদ কালু বাহিনী অবৈধভাবে সরকারি সুবিধা ও চাঁদা না দেওয়ায় ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাঙচুর করেছে এবং সরকারি মালামাল লুট করেছে। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল পাশা ও ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগও উঠেছে।
ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সোহেলুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দুইটি অফিস কক্ষ ভাঙচুর করা হয়েছে এবং কম্পিউটার, ল্যাপটপসহ জরুরি সরকারি মালামাল নিয়ে যাওয়া হয়েছে। ফলে এখন নাগরিক সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ওসি শামীম হাওলাদার বলেন, ইউপি চেয়ারম্যান বাদী হয়ে মামলাটি করেছেন। তবে এখন পর্যন্ত কোনো আসামী গ্রেপ্তার হয়নি।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে স্থানীয় জনগণ প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে, যাতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রাখা যায় এবং সাধারণ মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত না হয়।